বড়লেখায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:২১

১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার এলাকার ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এছাড়া দোকান ও ভবনের সামনে সরকারি জায়গার ওপর লোহার সিঁড়ি ও টিনশেড দিয়ে মালামাল রাখার অভিযোগে ১৫টি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

গত কয়েকদিন ধরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এতে অনেকে স্থাপনা সরিয়ে নিয়েছেন। পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে অভিযান শুরু করে পর্যায়ক্রমে ডাকবাংলো এলাকা, স্টেশন রোড, পৌর মার্কেট, মধ্য বাজার, দক্ষিণ বাজার, পিসি হাইস্কুল মার্কেট এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। এ সময় বুলডোজার দিয়ে টং ঘর, লোহার সিঁড়িসহ তিন শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এবং সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা।

এ ব্যাপারে ইউএনও ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, ‘সরকারি জায়গা থেকে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা জায়গায় পুনরায় যাতে অবৈধ স্থাপনা তৈরি না করা হয়, এজন্য সবাইকে সতর্ক করা হয়েছে।’