মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
রশিদপুর গ্যাস ফিল্ডে ট্যাংকলরি শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে রবিবার থেকে কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি শ্রমিকরা। আজ সোমবার সিলেট বিভাগের সকল ডিপো ও প্ল্যান্ট এবং মঙ্গলবার থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে একই সঙ্গে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। গত শনিবার বিকালে মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়াতে সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সভায় বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সভাপতি হাজী মো. শাহজাহান ভুঁইয়া এ ঘোষণা দিয়েছেন। রবিবার দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক এবং বাহুবল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ট্যাংকলরি চালক বাদশা মিয়া, রফিক মিয়া, ইছাক মিয়া, এজহার মিয়া ও নুরুল মোস্তফা জানান, গত ২৭ অক্টোবর রশিদপুর গ্যাসফিল্ডে ট্যাংকলরি শ্রমিক ফয়েজের ওপর হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা ট্যাংকলরি চালাবে না।
