সেনাবাহিনী প্রধান চীন যাচ্ছেন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:৩৪

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। আজ সোমবার চীনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন। গতকাল রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। পাশাপাশি তিনি চীন সেনাবাহিনীর একটি বিশেষ প্রশিক্ষণ প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন। এছাড়া সেনাপ্রধান চীন অলিম্পিক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত্ করবেন। সফরকালে চীনের একাধিক সামরিক ও অসামরিক স্থাপনা এবং গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন তিনি। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৯ নভেম্বর দেশে ফিরবেন।