বিটিসিএলের এমডি ড. রফিকুল মতিন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন ড. রফিকুল মতিন। এর আগে তিনি বিটিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। টেলিযোগাযোগ অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছেন। ড. মতিন ১৯৬৪ সালের ২২ জানুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১৪তম এবং রাজশাহী বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করেন। তিনি বুয়েট থেকে তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং একই বিষয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। ড. মতিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (গোল্ড মেডেলপ্রাপ্ত) ডিগ্রি অর্জন করেন। ড. মতিন নবম বিসিএসে উত্তীর্ণ হয়ে টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী পদে ১৯৯১ সালে তত্কালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের চাকরিতে যোগদান করেন।