আজ থেকে নতুন আইনে মামলা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:৩৫

সড়ক পরিবহন আইন-২০১৮

বিশেষ প্রতিনিধি

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের অংশ হিসেবে আজ সোমবার থেকে মামলা দেওয়া শুরু করবে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। তবে পজ মেশিনে নয়, কাগজে ছাপানো স্লিপে এই মামলা দেওয়া হবে। আর মামলায় ব্যবহূত পজ মেশিন আপডেট করতে এক থেকে দেড় মাস সময় লাগবে। তার আগে এভাবে স্লিপে মামলা দিতে থাকবে ট্রাফিক পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ। তবে তিনি জানান, কাগজের স্লিপে মামলা দেওয়ার ঠিক আগ মুহূর্তে মহানগর পুলিশ কমিশনার আজ ব্রিফিং করে বিস্তারিত জানিয়ে দেবেন।

নতুন আইন হঠাত্ কার্যকর হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনটি সবার জানা প্রয়োজন আছে। সাধারণ নাগরিক এবং যারা বাসমালিক-চালক তাদের জানানোর প্রয়োজন আছে। আর এ জন্য আপাতত মামলা না দিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে ট্রাফিক পুলিশের সদস্যরা। আর আজ থেকে আনুষ্ঠানিকভাবে মামলা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে। উল্লেখ্য, ৭৯ বছরের পুরোনো মোটরযান অধ্যাদেশ বাতিল করে গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে। এ আইনে বেপরোয়া গাড়ি চালকের কারণে মৃত্যু হলে ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।