অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী কারাগারে

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০১

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার ঘটনায় ছাত্রলীগের পাঁচ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাত ১০টার দিকে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২৫ জনকে আটক করলেও পরে সিসিটিভির ফুটেজ দেখে ২০ জনকে ছেড়ে দেয়।

এদিকে ঘটনায় জড়িত থাকায় রাজশাহী পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে বহিষ্কার এবং ঘটনা তদন্তের জন্য ছয় সদস্যের কমিটি গঠন করেছে মহানগর ছাত্রলীগ। একই সঙ্গে শাখা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিতের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। গত শনিবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর ছাত্রলীগের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল সকাল থেকে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকেরাও শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন। মানববন্ধন কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।