‘ভিসির পদত্যাগ করা উচিত’

জাবির অনিয়ম-দুর্নীতি দুদককে তদন্তের আহ্বান টিআইবির

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন কার্যক্রম নিয়ে উত্থাপিত অনিয়ম-দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্তের স্বার্থে এবং অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্যের স্বপ্রণোদিত হয়ে সাময়িক পদত্যাগ করা উচিত বলে মনে করছে সংস্থাটি। গতকাল রবিবার টিআইবির ওয়েবসাইটে প্রকাশ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন কার্যক্রমে সরাসরি অবৈধ আর্থিক লেনদেনসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দুই শীর্ষ নেতাকে অপসারণ একটি ইতিবাচক পদক্ষেপ ছিল। কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এই উদ্যোগ যথেষ্ট নয়। কারণ অপসারিত নেতাদের প্রযোজ্য আইনি প্রক্রিয়ায় জবাবদিহিতার আওতায় আনা হয়নি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও তার পরিবারের সদস্যদের অবৈধ লেনদেনে জড়িত থাকার যে অভিযোগ উত্থাপিত হয়েছে এখনো তার কোনো তদন্ত হয়নি। দুদকও এই অভিযোগ তদন্তে এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা অবিলম্বে দুদককে তার আইনগত অবস্থান থেকে দুর্নীতির এই অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানাই এবং তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাই।