সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যায় সহযোগী আটক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০২

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হায়দার বকুলকে (৫২) শনিবার রাতে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ রাতেই নিহত নেতার একান্ত সহযোগী রফিকুল ইসলামসহ (৫৫) চার জনকে আটক করেছে। আটক রফিকুল বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ী গ্রামের আবুল হোসেন মাস্টারের ছেলে। এদিকে বকুল হায়দার হত্যার প্রতিবাদে গতকাল রবিবার সকালে এলাকাবাসী দত্তবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

পুলিশ আটক রফিকুল ইসলামের কাছে থেকে বকুল হত্যার গুরুত্বপূর্ণ ক্লু পাওয়ার আশা করছে। এ ছাড়া এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত বলেও ধারণা করছে পুলিশ। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম এমনটাই জানিয়েছেন।