আট জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দেওয়া তথ্যে আট জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে। গতকাল  ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন। 

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার একটি নির্ভুল চার্জশিট দেওয়ার কথা বলেন তিনি। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার অগ্রগতি নিয়ে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশমতো এই মামলার তদন্ত করছে র্যাব। এ বিষয়েও তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।

রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনার ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ই-পাসপোর্ট প্রসঙ্গে তিনি জানান, আড়াই কোটি মেশিন রিডেবল-এমআরপি পাসপোর্ট দেওয়া হয়েছে। চলতি বছরের শেষে ই-পাসপোর্ট চালু করা হবে।

ফেইসবুকে অপপ্রচারকারীদের ঠেকাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেইসবুকের মাধ্যমে গুজব ছড়িয়ে যারা অপপ্রচার করছে, তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের আমরা বিচারের মুখোমুখি করব।’ সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি,  তিনি (পাপন) কিন্তু বাংলাদেশে নয়, বাইরের কোনো জায়গায় খেলেছেন।’