খোকাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান ফখরুলের

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:১৩

g  ইত্তেফাক রিপোর্ট

বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সাদেক হোসেন খোকা আমাদেরকে বলেছেন, দেশের মাটিতেই যেন তার কবর হয়। আজকেও তার ছেলে সকালবেলা ফোন করে বলেছে যে, তার বাবার এই ইচ্ছাটি তারা পূরণ করতে চায়।’ গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ আহ্বান জানান। খোকার রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাদেক হোসেন খোকা এখন মুমূর্ষু অবস্থায় আছেন। আমরা জানি সারা বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতি যারা বিশ্বাস করেন তাদের কাছে তিনি কত প্রিয় মানুষ। এমন কোনো নেতা-কর্মী নেই যাদের যে কোনো প্রয়োজনে তিনি এগিয়ে আসেননি। মির্জা ফখরুল বলেন, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছিল। তিনি এখন দুরারোগ্য ক্যানসারে ভুগছেন,  চিকিত্সার জন্য বিদেশে অবস্থান করছেন। তিনি আমাকে বলেছেন, আমি যদি অসুস্থ না থাকতাম, তাহলে আমি দেশে গিয়ে জেলে যেতাম। সংগঠনের সিনিয়র সহসভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু প্রমুখ বক্তব্য রাখেন।