মানিকগঞ্জে ব্লেন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:১৩

g  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ব্লেন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার গিলন্ড গ্রামে মুন্নু টেক্সটাইল লিমিটেডের প্রকৌশল বিভাগের ইনচার্জ ইব্রাহীম হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন—ইব্রাহীম হোসেনের স্ত্রী আসমা বেগম (৫০), ছেলে আরিফ হোসেন (১৫) এবং মেয়ে সুমাইয়া আক্তার (৮)। তাদের প্রথমে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাতেই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, সন্ধ্যা ৭টার দিকে ব্লেন্ডার চালানোর সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। আগুনে আসমা বেগমের শরীরের ৯০ শতাংশ, মেয়ের শরীরের ৮০ শতাংশ এবং ছেলের শরীরের ৬০ শতাংশ ঝলসে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।