g বরিশাল অফিস
বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকালে মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২০১২ সালে গঠিত সভাপতি ও সম্পাদকের পুনরায় নাম ঘোষণা করা হলে উত্তেজনা দেখা দেয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছাত্তার হাওলাদার নতুন নেতৃত্বের জন্য নাম প্রস্তাব করলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকে লাঞ্ছিত করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার একতরফাভাবে এই কমিটির নাম ঘোষণা করেন বলে অভিযোগ করেন নতুন পদপ্রত্যাশীরা।
ওয়ার্ড কমিটি গঠন ও সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক হাফিজ আহম্মেদ স্বপন, সহসভাপতি খলিলুর রহমান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস আলী খান, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাঝি, সভাপতি পদপ্রার্থী ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুমন হোসেন শরীফ প্রমুখ।
