আজ আখতারুজ্জামান চৌধুরী বাবুর সপ্তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:১৫

g  চট্টগ্রাম অফিস

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, সাবেক সংসদ সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষ্যে আজ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন মসজিদে কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আজ বিকালে আনোয়ারার হাইলধর গ্রামের বাড়িতে দোয়া মাহফিল হবে। এতে উপস্থিত থাকার জন্য তার ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাভেদ) সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আখতারুজ্জামান চৌধুরী বাবু ১৯৪৫ সালের ৩ মে হাইলধর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম নুরুজ্জামান চৌধুরী ও মায়ের নাম খোরশেদা বেগম। শিক্ষাবৃত্তি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যান। তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসনে পড়াশোনা করেন। সেখান থেকে অ্যাসোসিয়েট ডিগ্রি নিয়ে ১৯৬৪ সালে দেশ আসেন। ১৯৬৮ সালে দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য হন। তিনি সত্তুরের সাধারণ নির্বাচনে আনোয়ারা ও পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি দল পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনকালে কারাভোগসহ নির্যাতনের শিকার হন তিনি। তিনি ১৯৭০, ১৯৮৬, ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের প্রাক্কালে অসহযোগ আন্দোলনের সময় তার পাথরঘাটা জুপিটার হাউজ থেকে সংগ্রাম কমিটির কর্মকাণ্ড পরিচালিত হতো। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর জুপিটার হাউজ থেকে তা প্রচার করা হয়। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে প্রবাসী বাংলাদেশ সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেন। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্য ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি বিশ্বজনমত গড়তে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে যান। তিনি দেশের বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।