অভিশংসন তদন্তের মধ্যেই ইউক্রেন প্রেসিডেন্টকে আমন্ত্রণ ট্রাম্পের

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০০:১৭

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্ত করছেন ডেমোক্র্যাটরা। আর এরই মধ্যে সেই ইউক্রেন প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর গ্লোবাল নিউজের

শনিবার নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করার আগে হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি যে, আমি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনেস্কিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাচ্ছি, তবে তিনি যদি আসতে চান। আমি আশা করি, তিনি আসবেন।’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনেস্কির সঙ্গে গত ২৫ জুলাই টেলিফোন আলাপে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেনের ব্যাপারে তদন্তের জন্য চাপ দিয়েছেন বলে অভিযোগ ওঠে। ইউক্রেনের একটি গ্যাস প্রতিষ্ঠানে কাজ করতেন বাইডেনের ছেলে। যদিও তাদের ব্যাপারে অন্যায় কিছু পাওয়া যায়নি। একজন গোয়েন্দা কর্মকর্তা ঐ তথ্য ফাঁস করার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে অভিশংসন তদন্ত শুরু করেছেন ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, ব্যক্তিগত সুবিধার জন্য যুক্তরাষ্ট্রের একটি বন্ধু দেশকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে ট্রাম্প রাজি করানোর চেষ্টা করেছিলেন।