আখতারুজ্জামান আরো ৪ বছর ঢাবি উপাচার্য

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০০:৩১

দীর্ঘ দুই বছরেরও অধিককাল ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ উপাচার্য হিসেবে নতুনভাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ আগামী ৪ বছরের জন্য ঢাকা তাকে এ পদে নিয়োগ প্রদান করেন। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে বলে জানান বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা মোতাবেক সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গত ৬ সেপ্টেম্বর ২০১৭ থেকে উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১৬ সালের ২৩ জুন থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে কলা অনুষদের ডিন নির্বাচিত হন। এছাড়া, গত জুলাই মাসে তিনি দি অ্যাসোসিয়েশন অব কমনওয়েল্থ ইউনিভার্সিটি (এসিইউ)-এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন।