জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। গতকাল সন্ধ্যায় মন্ত্রীর হেয়ার রোডের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। আলোচনায় শিক্ষকরা বিভিন্ন দাবি উত্থাপন করলে দীপু মনি তাদের সকল দাবি মনোযোগ দিয়ে শুনেন এবং লিখিতভাবে জানাতে বলেন। এসময় মন্ত্রী উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস দেন।
আন্দোলনরত শিক্ষকদের বরাত আন্দোলনরত শিক্ষার্থী মাহাথীর মুহাম্মদ বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের সকল অভিযোগ শুনেছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান। এছাড়া মন্ত্রী বলেন, এই অভিযোগগুলো আমরা আগেই পেয়েছি। বিষয়টি আমলে নিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোচনায় আন্দোলনরত শিক্ষকদের মধ্যে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন, দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ কামরুল আহসান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক খবির উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ অংশ নেন।
