জাবির আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর আলোচনা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০০:৫২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান সংকট নিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। রবিবার সন্ধ্যায় মন্ত্রীর হেয়ার রোডের বাসভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। আলোচনায় শিক্ষকরা বিভিন্ন দাবি উত্থাপন করেন। ড. দীপু মনি তাদের সকল দাবি মনোযোগ দিয়ে শুনেন এবং লিখিতভাবে দাবি জানাতে বলেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন বলে মন্ত্রী আশ্বাস দেন।

আন্দোলনরত শিক্ষকদের বরাত আন্দোলনরত শিক্ষার্থী মাহাথীর মুহাম্মদ বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের সকল অভিযোগ শুনেছিন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এছাড়া মন্ত্রী আমাদের বলেন, এই অভিযোগগুলো আমরা আগেই পেয়েছি। বিষয়টি আমরা আমলে নিয়েছি। শীঘ্রই অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচনায় আন্দোলনরত শিক্ষকদের মধ্যে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন, দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ কামরুল আহসান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক খবির উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ অংশ নেন।

ইত্তেফাক/আরকেজি