সিএটি’র নাটক ‘স্তালিন’-এর প্রদর্শনী

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৭:২৭

আগামী ১৩ ও ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হবে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) নাটক ‘স্তালিন’। নাটকটির নির্দেশক ও ড্রামটার্গ কামালউদ্দিন নীলু এবং বাংলা ভাষান্তর করেছেন রায়হান আখতার। 

নাটকটি ক্ষমতাবৃত্তের একটি দৃষ্টান্ত, যেখানে একজন কর্তৃত্ববাদী শাসক আত্মবিস্তারের অনিবার্যতায় তার চারপাশে জড়ো করেন মোসাহেবের দল। আর তারাই কেমন করে শাসকের  স্বপ্নকে অন্ধকারে নিমজ্জিত করে, তাকে বিচ্ছিন্ন করে জনমানুষ থেকে, এমনকি পরিবার থেকেও। এর ফলে একটি রাষ্ট্র কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়। সেই বাস্তবতায় এর ভয়ংকর পরিণতির রূপক আঁকা হয়েছে ‘স্তালিন’ নাটকে, যা আজকের পৃথিবীর বিদ্যমান বিশ্বরাজনীতির সঙ্গে প্রবলভাবে যোগাযোগ স্থাপন করে। শাসক সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করলেও এর ফল বয়ে নিয়ে চলে পৃথিবীর মানুষেরা। কিন্তু ইতিহাস নতুনভাবে পুনর্ব্যাখ্যা হয়, নতুন আলোয় ঝলকে ওঠে ইতিহাসের নানা মুখ ও রূপ।

সেই ধারায়, স্তালিন নাটকের নির্দেশক ও ড্রামটার্গ কামালউদ্দিন নীলু, পক্ষপাতহীনভাবে স্তালিনের জীবন রূপায়ণের মাধ্যমে তখনকার সোভিয়েত ইউনিয়নের ক্ষমতাকেন্দ্রের অভ্যন্তরচিত্রকে শিল্পের ভাষায়, মঞ্চালোকে, তার শিল্পভাবনায় দর্শকের সামনে প্রতিভাত করেছেন। ‘স্তালিন’ নাটকটি সোভিয়েত ইউনিয়নের একটি সময়ের ইতিহাসের নতুন ডিসকোর্স।

ইত্তেফাক/জেডএইচডি