ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিয়মিত হয়েছেন খুব কম তারকা। বর্তমানে সিনেমা বাজারে এমন উদাহরণ আরো দেখা যায়। যদিও এরমধ্যে অনেকেই চেষ্টা করেছেন তবে শেষ পর্যন্ত ছোটপর্দায় ফিরে যেতে হয়েছে অনেককে। তবে সিয়াম আহমেদ সেই জায়গা থেকে সিনেমার অভিষেক থেকেই বেশ জনপ্রিয়তা পান। সেই জনপ্রিয়তার রেশ ধরে এখন বড়পর্দার ব্যস্ততম চিত্রনায়ক তিনি। তার আগে আরিফিন শুভও বড়পর্দায় এসে থিতু হয়েছেন। তবে প্রথম সিনেমা দিয়েই সিয়ামের মতো ভাগ্য না ফিরলেও বর্তমানে সিনেমা প্রযোজকদের ভরসার জায়গায় রয়েছেন শুভ। বর্তমানে
ছোটপর্দায় রোমান্টিক হিরো খ্যাত অভিনেতা অপূর্ব, আফরান নিশো ও ইরফান সাজ্জাদ। ছোটপর্দায় তাদের জনপ্রিয়তা যে এখন আকাশচুম্বি সেখানে হয়তো অনেকেই একমত। বিশেষ দিবসের পাশাপাশি সারাবছর নিয়মিত পর্দায় উপস্থিত থাকেন তারা। মাসের প্রায় বেশিরভাগ সময়ই শুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা যায় তাদের। এই জনপ্রিয়তা সিঁড়ি বেয়ে কবে বড়পর্দায় পৌঁছাবেন এমন প্রশ্ন মুখোমুখি নিয়মিতই হতে হয় এই তিন তারকাকে। দর্শকদেরও আগ্রহের কমিত নেই। নিজের প্রিয় অভিনেতাকে বড়পর্দাতেও নিয়মিত দেখতে চায় তারাও। যদিও এরমধ্যে ‘অপূর্ব’কে কয়েক বছর আগে একটি সিনেমায় দেখা যায়। সিনেমাটি মুক্তির আগে বেশ আলোচনায় এলেও মুক্তির পর দর্শকদের হাতাশার মন্তব্যই পাওয়া যায় বেশি। এরপর আর নতুন কোনো সিনেমাতেও দেখা যায়নি অপূর্বকে। অন্যদিকে বড়পর্দায় আফরান নিশোকে কবে দেখা যাবে সেই আগ্রহও তার ভক্তদের অনেক। নিশো নিজেও বড়পর্দায় কাজ করার আগ্রহ বেশ কয়েকবার জানিয়েছেন গণমাধ্যমের বিভিন্ন সাক্ষাত্কারে। তবে এখন পর্যন্ত এমন কিছু চূড়ান্ত হয়নি।
এছাড়াও ইফরান সাজ্জাদও বড়পর্দায় কাজের আগ্রহের বিষয়ে জানালেও সিনেমার খবরে এখন পর্যন্ত নেই তিনি।
প্রতিবছর সিনেমার সংখ্যা কমলেও বাড়ছে নাটকের সংখ্যা। ব্যক্তিগত নাটকের সংখ্যাও বাড়ছে এই তিন টিভি তারকার। তাই একদিকে বর্তমান টিভি নাটকের জনপ্রিয় তারকারা সারাবছর কাজের ব্যস্ততা থাকলেও বড়পর্দার নায়কদের বছরে একটি বা দুটির বেশি সিনেমা নেই। যেহেতু পুরোদমে পেশাদার অভিনেতা তারা। তাই বড়পর্দায় নিজেদের ক্যারিয়ার নিয়মিত হওয়ার সমীকরণটাও এখনো পিছিয়ে। তাই সবারই প্রত্যাশা ক্যারিয়ারে সিনেমার যাত্রাটা বেশ বড়সড়ভাবেই শুরু করতে চান নাটকের এই জনপ্রিয় মুখগুলো।
