এবার মেয়েদের পাকিস্তান বধ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:২৮

রোববার রাতেই ভারতের মাটিতে স্বাগতিকদের হারাল ছেলেরা। এবার তার সঙ্গে মিল রেখে নারী ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে হারিয়ে দিল পাকিস্তানের মেয়েদের। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতে যায় ১ উইকেটে।

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে ১-১ ব্যবধানে ড্র করতে সক্ষম হলো রুমানা আহমেদের দল। পাকিস্তানের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম জয়।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল সোমবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে পাকিস্তান করে ২১০ রান। ওপেনার নাহিদা খান করেন সর্বোচ্চ ৬৩ রান। রুমানা তিনটি ও সালমা খাতুন নেন দুটি উইকেট।

জবাব দিতে নেমে দায়িত্বশীলতার পরিচয় দেয় বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ৩ উইকেট হারিয়েই ১৬৬ অবধি চলে যায় সফরকারীরা। ওপেনার মুর্শিদা খান ও শারমিন সুলতানা যথাক্রমে ৪৪ ও ২৭ রান করেন। সর্বোচ্চ ৬৭ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। এছাড়া রুমানা আহমেদ ৩১ ও সানজিদা ইসলাম ২০ রান করেন।

সেখান থেকে বাংলাদেশের জয়টা একদম সহজ মনে হলেও তা আর হয়নি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ম্যাচ গড়ায় অন্তিম মুহূর্তে। শেষে অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম ১০ বলে ৭ রানের অপরাজিত ইনিংস খেলে নিশ্চিত করেন দলের জয়। এক বল বাকি থাকতে জিতে যায় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পান সৈয়দা আরব শাহ ও অধিনায়ক বিসমাহ মারুফ। হাফ সেঞ্চুরি করার সুবাদে ম্যাচ-সেরার পুরস্কার পান বাংলাদেশের ফারজানা। সিরিজ-সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। যদিও যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন পাকিস্তানের নাহিদা খানও।

সংক্ষিপ্ত স্কোর

টস :পাকিস্তান

পাকিস্তান ৪৮.৪ ওভারে ২১০ অলআউট (নাহিদা ৬৩, আলিয়া ৩৬, বিসমাহ ৩৪; রুমানা ৩/৩৫, সালমা ২/৩৬)

বাংলাদেশ : ৪৯.৫ ওভারে ২১১/৯ (ফারজানা ৬৭, মুর্শিদা ৪৪, রুমানা ৩১; সৈয়দা ২/৩৭, বিসমাহ ২/২৪)

ফলাফল :বাংলাদেশ ১ উইকেটে জয়ী

ম্যাচ-সেরা :ফারজানা হক (বাংলাদেশ)

সিরিজ-সেরা: ফারজানা হক (বাংলাদেশ) ও নাহিদা খান (পাকিস্তান)

সিরিজ :দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র।