ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে টটেনহ্যাম। তবে ম্যাচে ফলাফল ছাপিয়ে আলোচনায় এভারটন মিডফিল্ডার আন্দ্রে গোমেজের বীভত্স চোট আর টটেনহ্যাম সন হিউং মিনের প্রতিক্রিয়া।
এভারটনের মাঠ গুডিসন পার্কে গত রবিবার রাতে ৭৮ মিনিট শেষে টটেনহ্যাম এক গোলে এগিয়ে ছিল। স্বাগতিক মিডফিল্ডার আন্দ্রে গোমেজ থেকে বল কেড়ে নিতে পেছন থেকে ট্যাকল করে বসেন সন হিউং মিন। তাতেই ঘটল বিপত্তি। চ্যালেঞ্জের পর সামনে থেকে আসা সার্জি অরিয়েরের ওপর গিয়ে পড়েন গোমেজ। ফলে ডান পায়ের হাঁড় ভেঙে যায় তার।
এমন ফাউলের পর প্রথমে রেফারির কাছে আত্মপক্ষ সমর্থন করলেও গোমেজের প্রতিক্রিয়া দেখে কান্নায় ভেঙে পড়েন সন। রেফারিও তাকে দেখান লাল কার্ড। আর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন গোমেজ।
এভারটন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সোমবার স্থানীয় একটি হাসপাতালে অস্ত্রোপচার হবার কথা তার। দলটির কোচ মার্কো সিলভা এই ট্যাকলে সনকে দোষারোপ করতে নারাজ। তিনি বলেন, ‘আমি সেটা সরাসরি দেখেছি। আমার কাছে জোরালো ট্যাকলের চেয়ে বেশি কিছু মনে হয়নি সেটাকে। আমরা দুজন দারুণ খেলোয়াড়কে নিয়ে কথা বলছি এবং আমার মনে হয় না, গোমেজকে আহত করার কোনো ইচ্ছা সনের ছিল। ’
