আজ মঙ্গলবার অ্যাঙ্গোলার বিপক্ষে দক্ষিণ কোরিয়ার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের নকআউট পর্ব। গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচেই জিতে শেষ ষোলোয় আসা স্বাগতিক ব্রাজিল আগামী বৃহস্পতিবার চিলির মুখোমুখি হবে। দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।
নিজেদের প্রথম দুই ম্যাচে কানাডা আর নিউজিল্যান্ডকে হারানোয় তিনবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের শেষ ষোলো অনেকটা নিশ্চিতই ছিল। শেষ ম্যাচেও অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পেলে হেসেখেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে সেলেসাওরা।
অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে। তবে পরের দুই ম্যাচে ক্যামেরুন আর তাজিকিস্তানের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ ষোলোর টিকিট কাটে পাবলো আইমারের শিষ্যরা। প্রতিযোগিতাটির রেকর্ড পাঁচবারের চ্যামিপয়ন নাইজেরিয়াও কিছুটা ঘাম ঝরিয়েই শেষ ষোলয় এসেছে। প্রথম দুই ম্যাচে হাঙ্গেরি আর ইকুয়েডরের বিপক্ষে জিতলেও অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচে হেরেছে তারা। তবে এরপরও বি গ্রুপের সেরা দল হয়েই দ্বিতীয় পর্বে এসেছে তারা। টুর্নামেন্টটির ফরম্যাটই এমন যেখানে গ্রুপের সেরা দুই দল না হয়েও শেষ ষোলোর আশা টিকে থাকে। ছয় গ্রুপ থেকে সেরা ১২ দল সরাসরি দ্বিতীয় পর্বে উঠার পর সেরা চারটি তৃতীয় হওয়া দল খেলছে শেষ ষোলয়। তারই সুবাদে মেক্সিকো, অস্ট্রেলিয়া, চিলি ও নেদারল্যান্ডস দ্বিতীয় পর্বে উঠেছে। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্ব শেষ হবে আগামী শুক্রবার ভোরে। এরপর ১০ আর ১১ নভেম্বর হবে এর কোয়ার্টার ফাইনাল। ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবার পর শিরোপার চূড়ান্ত লড়াইটি হবে আগামী ১৭ নভেম্বর।
দ্বিতীয় রাউন্ডের সূচি
অ্যাঙ্গোলা-দক্ষিণ কোরিয়া মঙ্গলবার রাত ১.৩০টা
নাইজেরিয়া-নেদারল্যান্ডস বুধবার ভোর ৫টা
জাপান-মেক্সিকো বুধবার রাত ১.৩০টা
স্পেন-সেনেগাল বুধবার রাত ১.৩০টা
ব্রাজিল-চিলি বৃহস্পতিবার ভোর ৫টা
ফ্রান্স-অস্ট্রেলিয়া বৃহস্পতিবার ভোর ৫টা
ইকুয়েডর-ইতালি বৃহস্পতিবার রাত ১.৩০টা
প্যারাগুয়ে-আর্জেন্টিনা শুক্রবার ভোর ৫টা
