মুলাদীতে রাজু নামের এক জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের জালাল মজুমদারের ছেলে রাজুর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ। রাজু মজুমদার উপজেলার এ বি আর মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।
জালাল মজুমদার জানান, প্রায় দেড় বছর আগে তার স্ত্রী মারা যায়। এর পর থেকেই রাজু প্রায়ই অন্যমনস্ক থাকতো। ২ নভেম্বর জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে মোবাইল ফোনে মায়ের গান শুনছিলো। ৩ নভেম্বর পরীক্ষা না থাকায় সারাদিন ঘরের মধ্যে দিন কাটিয়েছে। সন্ধ্যায় কাউকে কিছু না বলে সে ঘর থেকে বের হয়। পরে আর ফেরেনি। সোমবার সকালে পার্শ্ববর্তী ঘরের মালিক শামিম হোসেন ঢাকা থেকে এসে ঘরে প্রবেশ করে রাজুর ঝুলন্ত লাশ দেখেন। এ ব্যাপারে মুলাদি থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, রাজুর বাবার কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
