দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের নেওয়া নানামুখী উদ্যোগের ফলে দেশে উদীয়মান শিল্প খাতে বিনিয়োগ বাড়ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, বিশ্বের অনেক দেশের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। গতকাল সোমবার শিল্পমন্ত্রী জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) ১৮তম সাধারণ সম্মেলনে বক্তৃতাকালে এ মন্তব্য করেন। আবুধাবির এমিরেটস্ প্যালেস হোটেলে এ সম্মেলন আয়োজন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও শিল্পমন্ত্রী প্রকৌশলী সুহাইল আল মাজরুইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনিডো মহাপরিচালক লি ইয়াং বক্তব্য রাখেন। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শিল্পমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার পরিকল্পিত শিল্পনগর, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক জোন, হাইটেক পার্কসহ বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তুলছে। বর্তমানে বাংলাদেশে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় শতভাগ রপ্তানিমুখী শিল্পের উত্পাদন অব্যাহত রয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিল্পায়নের লক্ষ্যে এর পাশাপাশি ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
শিল্পায়নের মাধ্যমেই স্বল্পোন্নত দেশগুলোতে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে এলডিসিভুক্ত দেশগুলোতে ইস্তাম্বুল কর্মপরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা বাড়ানোর আহ্বান জানান। এর পাশাপাশি অষ্টম এলডিসি মন্ত্রীপর্যায়ের সম্মেলনসহ অন্যান্য আন্তর্জাতিক সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ইউনিডোর অংশীদারিত্ব জোরদার করতে হবে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ক্ষুদ্র ও মাঝারি ম্যানুফ্যাকচারিং শিল্প খাতের ওপর অধিক গুরুত্ব দিচ্ছে।
আমিরাতকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
অনুষ্ঠান শেষে মন্ত্রী একই স্থানে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও শিল্পমন্ত্রী প্রকৌশলী সুহাইল আল মাজরুইয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় হুমায়ূন বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে সারের ব্যাপক চাহিদা রয়েছে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে ইউরিয়া সার কারখানা স্থাপনে এগিয়ে আসতে পারে। এছাড়া বাংলাদেশের জাহাজ নির্মাণ, হালকা প্রকৌশল শিল্প, ইলেক্ট্রনিক, আইসিটিসহ উদীয়মান শিল্পখাতে বিনিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
