ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’ এর স্রষ্টা প্রয়াত ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের শিল্পকর্ম নিয়ে এক বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে জাতীয় জাদুঘরে। প্রদর্শনীতে সৈয়দ আব্দুল্লাহ খালিদের ভাস্কর্য, চিত্রকর্ম ও ব্যক্তিগত সংগ্রহ ও স্মৃতি নিদর্শন স্থান পেয়েছে। গতকাল সোমবার নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। প্রদর্শনীর উদ্বোধন করেন লোকগবেষক অধ্যাপক শামসুজ্জামান খান। আলোচনায় অংশ নেন ভাস্কর হামিদুজ্জামান খান ও শিল্প সমালোচক অধ্যাপক মঈনুদ্দিন খালেদ। সভাপতিত্ব করেন স্থপতি ও কবি রবিউল হুসাইন। বক্তারা বলেন, অপরাজেয় বাংলা বাংলাদেশের মুখ হিসাবে পরিচিত হয়ে উঠেছে। এর পেছনে আব্দুল্লাহ খালিদের নিরলস পরিশ্রম কাজ করেছে। এই কাজ দিয়ে শিল্পী আব্দুল্লাহ খালিদ অমর হয়ে থাকবেন। প্রদর্শনী চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
