জামিন পেলেন আম্বার গ্রুপের চেয়ারম্যান রাসেল

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:৫৩

গাড়ি থেকে গুলি পাওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আজিজ রাসেল। গতকাল সোমবার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করে। আদালতে রাসেলের পক্ষে ব্যারিস্টার তানজীব আলম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পী শুনানি করেন। গত পহেলা নভেম্বর পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেমের ছেলে শওকত আজিজ রাসেলের গাড়ি থেকে ২৮ রাউন্ড গুলি পাওয়ার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়।