বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মহড়া ‘কারাত-১৯’ শুরু

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:৫৫

বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর চার দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ ও মহড়া গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। চট্টগ্রামস্থ বানৌজা ঈসাখানে ‘স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি) মিলনায়তনে কো-অপারেশন এফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (কারাত-২০১৯) শিরোনামে যৌথ প্রশিক্ষণ ও মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ওয়েস্টার্ন প্যাসিফিক কমান্ডের কমান্ডার লজিস্টিক গ্রুপ (টাস্ক ফোর্স-৭৩) রিয়ার এডমিরাল মারে টাইন্স।

গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, এ যৌথ প্রশিক্ষণ ও মহড়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যকার সর্ববৃহত্ মহড়া। বাংলাদেশ নৌবাহিনী ছাড়াও অন্যান্য উন্নত দেশের নৌবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র নৌবাহিনী বিভিন্ন সময়ে এ দ্বিপাক্ষিক মহড়া পরিচালনা করে থাকে। যৌথ এ মহড়াটি একটি যুগোপযোগী এবং আধুনিক নৌ-প্রশিক্ষণ মহড়া। আইএসপিআর জানায়, মহড়াটি মূলত দুটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে ২ হতে ৩ নভেম্বর ২০১৯ পর্যন্ত প্রাক-প্রশিক্ষণ মহড়ার আওতায় বিভিন্ন প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ৪ হতে ৭ নভেম্বর ২০১৯ পর্যন্ত বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হবে।