পঞ্চগড়ে কল্পনা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় স্বামী মনিরুজ্জামান মনির, শ্বশুর আব্দুল জলিল ও শাশুড়ি মনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা পঞ্চগড় সদর থানা পুলিশের এসআই শাহীনুজ্জামান শাহীন পঞ্চগড় সদর আমলি আদালতে স্বামী ও শাশুড়ির সাত দিন করে রিমান্ড আবেদন করেন। বিচারক হুমায়ুন কবির সরকার আগামী ৬ নভেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন নির্ধারণ করেন।
এসআই শাহীনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ঐ গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ঐ গৃহবধূর স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। স্বামী ও শাশুড়িকে সাত দিন করে রিমান্ড আবেদন করেছি। আদালত রিমান্ড শুনানির জন্য ৬ নভেম্বর দিন নির্ধারণ করেছেন।
উল্লেখ্য, রবিবার মনিরের বাড়ির পাশের একটি ধানখেতে গলাকাটা অবস্থায় কল্পনার লাশ উদ্ধার করে পুলিশ। ঐ রাতেই কল্পনার বাবা বাদি হয়ে মনিরসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
