তিন দফা দাবিতে বাকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:৫৬

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় আবেদনকারী সকল শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান নতুবা অনির্বাচিতদের ভর্তি ফরমের মূল্য ফেরতসহ তিন দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেছে বামপন্থি সংগঠনগুলো। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন করা হয়।

আন্দোলনকারীরা বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় আবেদন করার যোগ্যতা জিপিএ ৭ থাকলেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সর্বনিম্ন জিপিএ ৯ দশমিক ১৫ করা হয়েছে। এতে প্রাথমিক বাছাইয়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী বাদ পড়েছে। গুচ্ছ পদ্ধতির আগে অনির্বাচিত শিক্ষার্থীরা কম জিপিএ নিয়ে পরীক্ষা দিতে পারলেও এবার আর সে সুযোগ পাচ্ছেন না। আবার অনির্বাচিত শিক্ষার্থীদের এক হাজার টাকার ফরম মূল্য ফেরত দেওয়া হচ্ছে না। অনতিবিলম্বে তাদের টাকা ফেরত দিতে হবে।