ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে :ফখরুল

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২২:০৫

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের সময় এসেছে। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে। আর এই আন্দোলন সময়ের ব্যাপার মাত্র। গতকাল সোমবার বিকালে যশোর জেলা পরিষদ মিলয়নায়তনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের এই রাজনীতিকে যদি সঠিক পথে নিতে পারি, আমরা যদি আরো বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে পারি তাহলে অবশ্যই বিজয় আমাদের আসবেই আসবে।

তরিকুল ইসলামকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তরিকুল ইসলাম শুধু যশোরের নেতা ছিলেন না। বিএনপির অভিভাবক এবং বাংলাদেশের রাজনৈতিক আইডল ছিলেন। দলের দুঃসময়ে মহাসচিবের দায়িত্ব নিয়েছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহাজাহান, শামছুজ্জামান দুলু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, মেহেদী হাসান রুমী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা।