জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করেছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় উপাচার্য অপসারণ মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য ফারজানা ইসলামের বাসভবন ঘেরাও করেন তারা। এ সময় আন্দোলনকারী শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও উপাচার্যপন্থি প্রায় ৫০ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপাচার্যের বাসভবনের সামনে পালটাপালটি অবস্থান নেন। গতকাল রাত ৯টার দিকে আন্দোলনকারীরা জানান, রাতেও তাদের কর্মসূচি চলবে।
এদিকে, যে কোনো ধরনের সহিংসতা এড়াতে প্রায় ৩০ জন পুলিশ সদস্য উপাচার্যের বাসভবনের সামনে সার্বক্ষণিক নিয়োজিত আছেন বলে ইত্তেফাককে নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক মো. আতিক।
উপাচার্যকে অবরুদ্ধকালে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর আন্দোলনের’ অন্যতম সংগঠক মাহাথির মুহাম্মদ বলেন, ‘আমরা অধ্যাপক ফারজানা ইসলামকে পদত্যাগের সময় দিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের কথায় কর্ণপাত করলেন না। আমরা আজকের অবস্থানে এক দিনে আসিনি, বরং অধ্যাপক ফারজানা ইসলাম এই অবস্থানে আসতে বাধ্য করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয় ছেড়ে না যাওয়া পর্যন্ত আমরা তাকে অবরুদ্ধ করে রাখব। অধ্যাপক ফারজানা ইসলাম যখন বাসভবন ছাড়বেন তখন তিনি আর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন না।’
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে ‘যে কোনো সময়’ অধ্যাপক ফারজানা ইসলামকে অবরুদ্ধ করার ঘোষণা দেন দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।
আন্দোলনকারীদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান দেখতে চাই। সেই জায়গা থেকে আমরা তাদেরকে এই অবস্থান থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করব।’
প্রসঙ্গত, গতকাল দশম দিনের মতো অবরোধ এবং অষ্টম দিনের মতো সর্বাত্মক ধর্মঘট পালন করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।
