ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন নুসরাতের দুই বান্ধবী

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২২:১২

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন নুসরাত জাহান রাফির দুই সহপাঠী। ঢাকার সাইবার ট্রাইবুনালে গতকাল সোমবার হাজির হয়ে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্যে তারা বলেন, নুসরাতের সঙ্গে আমাদের নেকাব খুলে বক্তব্যের ভিডিও করেন ওসি মোয়াজ্জেম। মামলার জন্য প্রয়োজনীয়তার কথা বলে ঐ ভিডিও করা হয়। এর মধ্যে নুসরাতের বক্তব্যের ভিডিওটি প্রকাশ পায়। গতকাল সোমবার গুরুত্বপূর্ণ ঐ সব সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন।

এর আগে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ বাদী। এরপর সাক্ষ্য দেন নুসরাতের দুই বান্ধবী নাসরিন সুলতানা ফুর্তি ও নিশাত সুলতানা। এই মামলায় সবমিলিয়ে ১১ জন আদালতে সাক্ষ্য দিলেন। আদালত তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ নভেম্বর দিন ধার্য করেছেন। মামলার বাদি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ওসি মোয়াজ্জেম নুসরাতের দুই বান্ধবীর নেকাব খুলে বক্তব্য রেকর্ড করেন। তা প্রকাশ হলে মোয়াজ্জেমের বিরুদ্ধে আরো মামলা হতো।

গত ১৫ এপ্রিল ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার সুমন। ঐ মামলায় মোয়াজ্জেমকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দেয় পিবিআই।