৭ নভেম্বর উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে ৭ অথবা ৮ নভেম্বর জনসমাবেশ করার অনুমতি চেয়ে গতকাল সোমবার আবেদন করেছে দলটি।
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ইত্তেফাককে বলেন, দুপুরে আমি ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ডিএমপি কার্যালয়ে গিয়ে আবেদন দিয়ে এসেছি। পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল হক আমাদের জানিয়েছেন, তিনি ডিএমপি কমিশনারের সঙ্গে এ বিষয়ে কথা বলে জানাবেন। তিনি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে—এ দুটি ভেন্যুর যে কোনো একটির অনুমতি চেয়েছি। ঘটনাবহুল ৭ নভেম্বরকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। এ বছরও দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে দলটি।
