দুর্নীতির মাধ্যমেই মানবাধিকার লঙ্ঘিত হয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন।
এ সময় দুদক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের উদ্দেশে বলেন, দুর্নীতির মাধ্যমেই মানবাধিকার লঙ্ঘিত হয়। যারা জনগণের অর্থ লুণ্ঠন করে সম্পদের পাহাড় গড়েন তারাও মানবাধিকার লঙ্ঘনকারী। কারো অধিকার লঙ্ঘন করেই দুর্নীতি করতে হয়।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠান হিসেবে মানবাধিকার লঙ্ঘন করছে কি-না, সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। সর্বত্র সুশাসন নিশ্চিত করতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে ছাত্র-শিক্ষক, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সকলকে সম্পৃক্ত করেছে। কমিশন সততা সংঘ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে দেশের সর্বস্তরের মানুষকে একই প্ল্যাটফরমে আনার চেষ্টা করছে।
তিনি বলেন, দুর্নীতি করলে কাউকেই ছাড় দেবে না কমিশন। এক্ষেত্রে কোনো পরিচয়ই কাজে আসবে না। দুর্নীতিপরায়ণদের আইনের মুখোমুখি হতেই হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, সদস্য ড. নমিতা হালদার প্রমুখ।
