মেক্সিকোর উত্তরাঞ্চলে বন্দুকধারীর গুলি ও আগুনে যুক্তরাষ্ট্রের একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। গত সোমবার অজ্ঞাত বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালানোর পর আগুন ধরিয়ে দিলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে। বন্দুকধারীর হামলার পর বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
স্থানীয় টেলিভিশনের খবরে দেখা যায়, আক্রান্ত পরিবারটির বাসার সামনে একটি গাড়ি পুড়ছে। স্থানীয় মানবাধিকারকর্মী জুলিয়ান লে ব্যারন এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ঐ পরিবারের কিছু সদস্যকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে হামলাকারীরা। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটিতে প্রতিনিয়ত এ ধরনের ভয়াবহ সহিংস ঘটনা ঘটছে। নিহতরা মরমন সম্প্রদায়ের সদস্য, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও কয়েক দশক আগে থেকে মেক্সিকোর উত্তরাঞ্চলে বসবাস করেন।
যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে মেক্সিকোর চিহুয়াহুয়া ও সোনোরা রাজ্য সরকার যৌথ বিবৃতিতে বলেছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মেক্সিকোর ঐ দুই রাজ্যের সীমান্ত এলাকার কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। হামলার কয়েক ঘণ্টা পরও মেক্সিকোতে নিযুক্ত মার্কিন দূতাবাস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
