পাকিস্তান-ভারত ক্রীড়া সম্পর্ক নেই বললেই চলে। তার মধ্যেই টেনিসের বিশ্ব সংস্থা আইটিএফ জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে ভারতের ডেভিস কাপ টাইটি ইসলামাবাদ থেকে সরিয়ে কোনো নিরপেক্ষ স্থানে করা হবে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর ঐ টাই হওয়ার কথা। এর আগে সেপ্টেম্বরে দুই দেশের এই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। গত আগস্টে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল হওয়ার পর পড়শি দেশ দুটির সম্পর্কে আরো অবনতি ঘটেছে। সে কারণে পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করেন ভারতের টেনিস খেলোয়াড়েরা। আইটিএফের এই সিদ্ধান্তের পর নিয়ম অনুযায়ী পাকিস্তান টেনিস ফেডারেশনই নিরপেক্ষ ভেন্যুর নাম প্রস্তাব করবে।
