রবীন্দ্রনাথের সিলেট আগমনের শতবার্ষিকী উদ্যাপন

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০০:৪৫

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জুড়ে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রস্মরণ শুরু হয়েছে। চার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সিলেট নগরী উত্সবের আনন্দে ভাসছে। গতকাল মঙ্গলবার বিকালে সিলেটের ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজ এলাকায় কবিগুরুর ম্যুরাল উন্মোচনের মাধ্যমে উত্সবের মূল পর্ব শুরু হয়। ম্যুরাল উদ্বোধন করেন ‘সিলেটে রবীন্দ্রনাথ : শতবর্ষ স্মরণোত্সব উদযাপন পর্ষদের’ আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে শুরু হয় সিলেটের অর্ধসহস্রাধিক শিল্পীর পরিবেশনায় নৃত্য, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। এর আগে দুপুরে এ উপলক্ষ্যে নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। শোভাযাত্রার উদ্বোধন করেন আবুল মাল আব্দুল মুহিত ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ছন্দে ছন্দে রবীন্দ্র স্মরণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণে ১৯১৯ সালের নভেম্বরে সিলেট এসেছিলেন। ৫ নভেম্বর সকালে তিনি সিলেট পৌঁছান। রবীন্দ্রনাথের আগমনের সেই ঐতিহাসিক ঘটনাকে মঙ্গলবার সকালে বিশেষভাবে স্মরণ করেছে শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ। সকাল সাড়ে ৮টায় বন্দরবাজার এলাকার ব্রাহ্ম মন্দিরে ‘শব্দে ছন্দে রবীন্দ্র স্মরণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল ৭টায় চাঁদনীঘাটে রবী ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবদন করা হয়। আজকের কর্মসূচি উত্সবের দ্বিতীয় দিন আজ বুধবার মাছিমপুর, এমসি কলেজ ও চৌহাট্টা সিংহবাড়িতে পৃথক অনুষ্ঠান হবে। সিংহবাড়িতে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এমসি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল পাদদেশে সকাল ৯টায় শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন অতিথিরা। পরে কলেজ মিলনায়তনে ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও দক্ষিণ এশিয়া’ শীর্ষক সেমিনার হবে। কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, গত সোমবার রাতে কুলাউড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে কবিগুরুর সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল মাল আব্দুল মুহিত।