বিএনপি-জামায়াত অশুভ শক্তি --------------নাসিম

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:০১

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত একটি অশুভ শক্তি। তারা বিষাক্ত সাপের মতো। জনগণ আর তাদের ক্ষমতায় আনবে না। গতকাল মঙ্গলবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে শোকাবহ জেল হত্যা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, সংসদে জাতীয় চার নেতা হত্যার বিচার চাইলে সে দিন তারা তামাশা করেছিল। কী দোষ ছিল বঙ্গবন্ধুর? কী দোষ ছিল চার নেতার?  বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িতদের বিচারকে বাতিল করতে তারা নতুন আইন করেছিল। আর ব্যারিস্টার মওদুদ আহমদদের চক্রান্তের ফলে জাতীয় চার নেতার খুনিদেরও ছেড়ে দেওয়া হয়েছিল। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই এই চার নেতাকে হত্যা করে। সেদিন কোথায় ছিল সংবিধান, কোথায় ছিল গণতন্ত্র? মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘বিএনপি-জামায়াতের চক্রান্তে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়নি। চার নেতা হত্যার বিচারও হয়নি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে খুনিদের বিচার হয়েছে কিন্তু চক্রের বিচার হয়নি। আমি আইনমন্ত্রীকে অনুরোধ করব এই চক্রের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হোক।’ অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমি চাইলে সরকারি চাকরি করতে পারতাম। কিন্তু জীবন-যৌবন দল গঠনে দিয়েছি। কারণ কামারুজ্জামানের রক্ত আমার শরীরে বইছে। তিনি ক্ষমতার লোভে বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করেননি।’ মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক প্রফেসর মুজিবর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরি মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল-আরিফ প্রমুখ বক্তব্য রাখেন।