গতকাল রাজকোটে অনুশীলন করেছে বাংলাদেশ দল। একেবারে রোদঝলমলে উজ্জ্বল পরিবেশ, আকাশে মেঘ বলেও কিছু নেই। ফলে আপাতত নিশ্চিন্ত ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। কিন্তু এমন নিশ্চিন্ত থাকা কঠিন হবে। কারণ এখানেই আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় মাহা। আবহাওয়া বিভাগ জানিয়েছে, খেলার দিন, অর্থাত্ আগামীকাল সকালেই রাজকোটে আঘাত করতে পারে এই ঝড়। ঝড়ের প্রভাবে আগের দিন থেকে ভারী বৃষ্টি থাকার কথা।
দিল্লিতে বাংলাদেশের সঙ্গী ছিল ভয়াবহ দূষণ-ধুলা। এবার সঙ্গী হলো সাইক্লোন। তারপরও বাংলাদেশের ক্রিকেটাররা অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তারা মাঠের খেলা নিয়েই ভাবনায় ব্যস্ত আছেন। গতকাল রাজকোটে বাংলাদেশের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব বলেছেন, তারা পরের ম্যাচে আরো ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছেন।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ প্রবল প্রতাপে জিতে নিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী রিয়াদের দল। এই অবস্থায় তৃপ্তিতে মনোযোগ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু ধ্রুব বলেছেন, তারা পেছনের ম্যাচের ফলাফল নিয়ে তৃপ্তিতে ভাসছেন না। তারা সামনের দিকে তাকাচ্ছেন। তারা এখনো সেরা ক্রিকেট খেলার অপেক্ষায় আছেন।
