মাজহারুল ইসলাম ছিলেন এশিয়ায় আধুনিক স্থাপত্যকলার পথিকৃত

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২৩:৩৫
এশিয়া আঞ্চলিক স্থপতি কাউন্সিলের (আর্কএশিয়া) সপ্তাহব্যাপী ২০তম ফোরাম বর্তমানে ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। গত ৩ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। ফোরামে এশিয়ার ২১টি দেশ ছাড়াও ইউরোপ ও আমেরিকার প্রায় দুইশত প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের উদ্যোগে গত ২ নভেম্বর থেকে আয়োজিত এ ফোরামের কার্যক্রম আগামী ৭ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। ফোরামের বিভিন্ন পর্যায়ে আয়োজিত সেমিনার ও আলোচনা অনুষ্ঠানসমূহে বিদেশি স্থপতি ও বিশেষজ্ঞগণ ছাড়াও বাংলাদেশের সংশ্লিষ্ট শিক্ষক ও বিশেষজ্ঞবৃন্দ তাদের প্রবন্ধ উপস্থাপন করেন ও আলোচনায় অংশ নেন। ফোরামে বাংলাদেশ থেকে ‘এশীয় স্থাপত্যে আধুনিকতার পথিকৃত্ মাজহারুল ইসলাম’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক শামসুল ওয়ারেস। অধ্যাপক শামসুল ওয়ারেস তার প্রবন্ধে ১৯৫০-এর দশকে এশিয়ায় আধুনিক ইউরোপীয় স্থাপত্যরীতি প্রবর্তনের ইতিহাস ও বর্তমান সময় পর্যন্ত এর ধারাবাহিক বিবরণ তুলে ধরেন। তিনি তার প্রবন্ধে দেখান যে, মাজহারুল ইসলামই বস্তুত এশিয়ায় আধুনিক স্থাপত্যরীতির অন্যতম পথিকৃত। তিনি তার প্রবন্ধে আরো উল্লেখ করেন যে, ১৯৫০-এর দশকে এশিয়ার যে ৭টি মাত্র দেশ আধুনিক স্থাপত্যকলার প্রবর্তনে এগিয়ে আসে, তার মধ্যে বাংলাদেশ ছিল অন্যতম।