বাংলা একাডেমি চত্বরে ‘ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল’ এর নবম আসর বসছে আগামীকাল বৃহস্পতিবার। প্রতিবারের মতো এবারের উত্সবেও বিশ্বসেরা লেখক গবেষক, কবি ও সাহিত্যিকরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ ও বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার এ সাহিত্য উত্সবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক ও রাজনীতিবিদ অংশ নিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা টানা তিন দিন সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে এ উত্সব চত্বর। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক মনিকা আলী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ উত্সবের উদ্বোধন করবেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ঢাকা লিট ফেস্টের এবারের আয়োজন সম্পর্কে জানাতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্, কাজী আনিস আহমেদ ও আহসান আকবর। উপস্থিত ছিলেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। উত্সব পরিচালক সাদাফ সায বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য বাংলাদেশের অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সাহিত্য বিশ্বের কাছে তুলে ধরা। একটি দেশের উন্নতির পেছনে রয়েছে সাংস্কৃতিক প্রেরণা।
এক প্রশ্নের জবাবে সাদাফ জানান, ঢাকা লিট ফেস্টেও আগামী বছরের আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উত্সর্গ করা হবে। আর এ বছর জাতির জনককে নিয়ে থাকছে বেশ কয়েকটি সেশন। এছাড়া, উত্সবের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা : এ ডটার টেল’ প্রদর্শিত হবে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের উত্সবে আসছেন ভারতীয় রাজনীতিক শশী থারুর, কথাসাহিত্যিক উইলিয়াম ডালরিম্পল, দুই বাংলার জনপ্রিয় লেখক শংকর উল্লেখযোগ্য। এছাড়াও অংশ নেবেন বাংলাদেশের কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, সেলিনা হোসেন, আসাদ চৌধুরী, রুবী রহমান, শাহীন আখতার প্রমুখ। এছাড়াও অংশ নিচ্ছেন ভারতীয় সাংবাদিক প্রেয়াগ আকবর, প্রিয়াঙ্কা দুবে, ফিনিশ সাংবাদিক মিন্না লিন্ডগ্রেন, ডিএসসি পুরস্কারপ্রাপ্ত লেখক এইচ এম নাকভি, ব্রাজিলের কথাসাহিত্যিক ইয়ারা রড্রিগেজসহ আরো অনেকে। এছাড়া ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কৌশিক মুখার্জি আসছেন তার চলচ্চিত্র নিয়ে আলাপ করতে। তিন দিনের উত্সবে ৯০টির বেশি সেশন অনুষ্ঠিত হবে। লোকশিল্পীদের উপস্থিতিও থাকবে এই আয়োজনে, থাকছেন শিল্পী চন্দনা মজুমদার, মাইজভাণ্ডারি শিল্পীগোষ্ঠী।
প্রথম দিন এই উত্সবে দেওয়া হবে বাংলাদেশের জনপ্রিয় সাহিত্য সম্মাননা জেমকন সাহিত্য পুরস্কার। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ উত্সব। তবে প্রবেশের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এই ঠিকানায় : https://www.dhakalitfest.com/register
