এফ আর টাওয়ার নকশা জালিয়াতির মামলায় টাওয়ারের ইজারাগ্রহীতা এস এম এইচ ফারুকসহ তিন আসামির জামিন বাতিল করেছে হাইকোর্ট। আদেশের অনুলিপি পাওয়ার এক সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। মামলার অপর দুই আসামি হলেন, রাজউকের প্রাক্তন ইমারত পরিদর্শক আওরঙ্গজেব সিদ্দিকী (নান্নু) ও মুহাম্মদ শওগত আলী।
বনানীর এফ আর টাওয়ার নকশা জালিয়াতির মামলায় গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে এই তিন আসামির জামিন মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন বাতিলের আদেশ দেয়।
