খাবারে কড়া নজর চাই

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০০:৫৭

সুস্থ থাকতে হলে শুধু পানি নয়, স্বাস্থ্যসম্মত খাবারের ওপর আমাদের নজর দিতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে হোটেল-রেস্তোরাঁয় নিয়মিত অভিযান চালায় স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ দল। তারা শহরের পথখাবার এবং রেস্তোরাঁর খাবার পরীক্ষা করে গ্রেডেশন চালুও করে দিয়েছে। যাতে সাধারণ মানুষ দোকানে লাগানো গ্রেড থেকে বুঝতে পারে, কোন দোকানের খাবার কতোটা স্বাস্থ্যকর। আমাদের দেশের হোটেল-রেস্তোরাঁগুলোতে এ রকম ব্যবস্থা থাকা জরুরি হয়ে পড়েছে। গ্রেডেশন চালু করা এবং তা আদৌ মান্য করা হচ্ছে কি না কিংবা খাদ্য সামগ্রী নির্ভেজাল কি না এ ব্যাপারে চাই স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ ও নিয়মিত অভিযান। আমাদের দেশেও চাই নিত্যদিন এই অভিযান। খাবারের ব্যাপারে স্বাস্থ্য দপ্তরকে নড়েচড়ে উঠতে হবে। কেননা তারা নাগরিকদের ট্যাক্সের টাকায় বেতনভাতা পাচ্ছেন। দেশের জনগণ সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে বিশেষ করে সুস্থ সবল থাকার  সেবা পাওয়ার অধিকার রাখে। এজন্য শুধু বড়ো বড়ো হোটেল-রেস্তোরাঁই নয়, ঢাকার রূপনগরসহ বিভিন্ন এলাকায় ছোটোখাটো রেস্তোরাঁ, মিষ্টির দোকানে নিয়মিত অভিযান চালানো হোক। রাস্তা দখল করে যারা ফল-ফলাদিসহ খাদ্যসামগ্রী বিক্রি করছে, সেইসব জায়গায় চাই সাঁড়াশি অভিযান। কেননা সেখান থেকেই অধিকাংশ মানুষ ফল ও খাদ্য সামগ্রী ক্রয় করছে।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা