পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষা দিচ্ছে সঞ্জু

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:৪১

অদম্য মনোবলের কাছে হার মেনেছে তার প্রতিবন্ধকতা। সঞ্জু দাসের দুই হাত নেই। পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষা দিচ্ছে সে। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের কান্দাইল গ্রামের চিত্ত দাসের ছেলে সঞ্জু দাস। পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সে পরীক্ষা দিচ্ছে। গতকাল মঙ্গলবার পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ বিষয়ে পরীক্ষা চলাকালীন বিষয়টি চোখে পড়ে। জানা গেছে, জন্ম থেকেই দুই হাত নেই সঞ্জু দাসের। তার বাবা চিত্ত দাস মাছের ব্যবসা করেন। সঞ্জুরা দুই ভাই ও এক বোন। ছোটোবেলা থেকে হাত না থাকলেও সে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। সে অসম্ভব মেধাবী। 

তার বাবা চিত্ত দাস জানান, ‘আমার ছেলের হাত না থাকায় প্রথমে লেখাপড়া করাতে চাইনি। কিন্তু তার আগ্রহ দেখে বাধা দেইনি। এখন আমি তাকে সহযোগিতা করি। আমার মনে হয় সে অনেক বড়ো হবে। কারণ তার লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ।’

পরীক্ষার হলের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর সিকদার, ‘পরীক্ষার হলে গিয়ে আমি প্রথমে তাকে দেখে অবাক হই। দেখি হাত না থাকলেও পা দিয়ে পরীক্ষায় লিখছে। আমি তার সঙ্গে কথা বলে দেখলাম সে মেধাবী।’ সঞ্জু দাস বলেন, ‘আমি লেখাপড়া করে সরকারি চাকরি করব। বাবা গরিব মানুষ, আমি তাকে সহযোগিতা করব।’ শেষ পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সে সবার সহযোগিতা ও দোয়া চায়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, আমরা উপজেলা প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা করব।