সিংগাইরে সিলগালার পর ফের সিসা কারখানা চালু

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০১:১২

সিলগালা করে দেওয়ার পরও আবার শুরু হয়েছে নিউ থ্রি স্টার ব্যাটারি হাউজ কারখানায় ব্যাটারি পুড়িয়ে সিসা উত্পাদনের কাজ। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ এলাকাবাসীর দাবিতে গত ২৫ জুলাই অভিযান চালিয়ে সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ডনগর গ্রামে এই সিসার কারখানাটি সিলগালা করে বন্ধ ও জরিমানাসহ একজনকে এক মাসের জেল দেন। কিন্তু আইন ভঙ্গ করে সিলগালা ভেঙে গত এক সপ্তাহ ধরে তারা কারখানাটি আবার চালু করেছে। এলাকাবাসী জানায়, এই কারখানা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কেমিক্যাল এবং কালো ধোঁয়া। বাতাসে ভাসছে ঝাঁঝালো গন্ধ। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কারখানা সম্পূর্ণ অবৈধ। এটার কারণে আশপাশের মানুষসহ জীববৈচিত্র্য রয়েছে হুমকিতে। এখান দিয়ে হাঁটাচলা করলে দম বন্ধ হয়ে যায়।

এলাকার মুস্তাফিজুর রহমান খান মুকুল বলেন, সিসার বিষাক্ত কেমিক্যালের কারণে তাদের তিনটি ছাগল মারা গেছে। এছাড়া বিধবা বৃদ্ধা মেহেরজানের পাঁচটি, মালো খাতুনের ছয়টি, ফারুক খানের  একটি, জগা বেগমের দুইটি, মহিমা খানমের একটি, বাবুল খানের একটি, রহিম খানের একটিসহ আরো অনেকের ছাগল মারা গেছে। আলেয়া বেগম নামে এক নারী জানান, রাতে যখন ব্যাটারির কারখানা চালু হয়, তখন ঐ রাস্তা দিয়ে গেলে দম বন্ধ হয়ে আসে। এমনকি রাস্তার কুকুরগুলো পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছে। গাছের ফলও নষ্ট হয়ে যাচ্ছে।

বৈধ কাগজপত্র নেই এমন কথা স্বীকার করে সিসা কারখানার মালিক আফাজ উদ্দিন বলেন, যিনি (ইউএনও) কারখানা সিলগালা করেছিলেন তিনিই আবার অনুমতি দিয়েছেন। তাই কিছুদিনের জন্য আবার চালু করেছি। তবে এ কথা অস্বীকার করে ইউএনও রাহেলা রহমত উল্লাহ বলেন, ‘আমি এ ব্যাপারে আবারও ব্যবস্থা নেব।’   

এখানকার ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ভুঁইয়া বলেন, ‘ক্ষতিকর এই সিসা কারখানাটি বন্ধের ব্যাপারে গত তিন দিন আগে ইউএনওকে জানিয়েছিলাম।’