সমাজসেবা অধিদপ্তরের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালিকা) অবস্থানরত শিশুদের জন্য ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ এবং কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম আনোয়ারুল করিম, মহিলা আওয়ামী লীগ নেত্রী নীলিমা আক্তার লিলি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও মনিষা রানী কর্মকার, কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক তাসনিম ফেরদৌসীসহ শিশু উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি এস এম তরিকুল ইসলাম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে সংরক্ষিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধের দুর্লভ ছবি, বিভিন্ন বই এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিলপত্র দেখেন এবং কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব পরিদর্শন করেন। পরে তিনি উন্নয়ন কেন্দ্রের শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।
