নগরীর জামালখান এলাকায় খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সাঁড়াশি অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
সিডিএ সূত্র জানায়, খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১০০টি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। স্থাপনার মধ্যে নামিদামি অনেক টাওয়ার এবং রেস্টুরেন্টও আছে। ২০১৮ সালের ৯ এপ্রিল চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সিডিএর সমঝোতা চুক্তি সই হয়। এরপর সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর নগরীর বিভিন্ন এলাকার খালের উভয় পাশে রিটেইনিং ওয়াল, রাস্তা নির্মাণ ও নিচু ব্রিজগুলো ভেঙে উঁচু করার কাজ শুরু করে। পাশাপাশি খাল থেকে ময়লা পরিষ্কার কার্যক্রমও শুরু করা হয়। ডিপিপি অনুযায়ী গৃহীত এ মেগাপ্রকল্পের ব্যয় ধরা হয় ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকা। তিন বছর মেয়াদি এ প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ৩৬ খালের মাটি অপসারণসহ ৩০০ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়। এছাড়া প্রকল্পের আওতায় নতুন করে ১০০ কিলোমিটার ড্রেন নির্মাণ, ২০২০ সালের মধ্যে নগরীতে ৩৬টি খাল খনন, খালের পাশে ১৭৬ কিলোমিটার প্রতিরোধক দেয়াল, ৮৫ কিলোমিটার সড়ক, ৪২টি সিল্ট ট্র্যাপসহ নানা অবকাঠামো নির্মাণ করার কথা রয়েছে।
