চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে ড্রোন দিয়ে নজরদারি চালাবে ভারত। এ লক্ষ্যে সম্প্রতি ইসরাইলের কাছ থেকে টেথার্ড ড্রোন এবং থার্মাল ইমেজার কিনেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিকস টাইমস ও দ্য হিন্দুর খবরে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, আসাম রাজ্যের ধুবড়ি থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার পর্যন্ত বাংলাদেশ সীমান্ত নিচ্ছিদ্র রাখতে ইসরাইল থেকে ‘টেথার্ড’ ড্রোন কেনা হয়েছে। ধুবড়ির ৬১ কিলোমিটার ব্রহ্মপুত্র নদ থাকায় সেই এলাকা বর্ষাকালে নজরদারিতে রাখা ভারতীয় সীমান্তরক্ষীদের জন্যে দুঃসাধ্য হয়ে উঠে। এসব ড্রোন দিয়ে দিনে-রাতে দুই কিলোমিটার পর্যন্ত নজরদারি করা যাবে।
বিএসএফের গোয়াহাটি সীমান্তের মহাপরিদর্শক পিযুষ মোরদিয়া বলেন, সাধারণত চোরাচালান হয় রাতের বেলায় খোলা জায়গা দিয়ে। সে সময় সীমান্ত পাহারা দেওয়া কষ্টকর হয়ে পড়ে। প্রায় ১৫০ মিটার উঁচু থেকে ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারি করলে সদস্যদের শারীরিক কষ্ট কমে যাবে।
সাধারণ ড্রোন থেকে ‘টেথার্ড’ ড্রোনের পার্থক্য হলো, এই বিশেষ ড্রোনগুলো প্রবল বাতাসের মধ্যেও কাজ করতে পারে। ব্রহ্মপুত্রে খোলা এলাকায় বাতাসের প্রবল বেগ থাকায় এই বিশেষ ড্রোনগুলো কেনা হয়েছে। এগুলো ব্রহ্মপুত্র অঞ্চলে দিনে-রাতে চোরাকারবারি ও মানব-পাচারকারীদের সহজে চিহ্নিত করতে পারবে।
নদীর যেসব জায়গায় আমাদের সদস্যরা যেতে পারে না, সে সব জায়গায় জন-চলাচলের ছবিও এসব ড্রোনের মাধ্যমে আমাদের হাতে আসবে। ইকোনমিকস টাইমসের তথ্য অনুযায়ী, আসামের সঙ্গে বাংলাদেশের ২৬৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে নদীর এলাকা ১১৯ দশমিক ১ কিলোমিটার।
