কৃষক লীগের সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৬:৫৫

 

বাংলাদেশ কৃষক লীগের দশম জাতীয় সম্মেলন আজ বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। সেখানে কাউন্সিলরদের ভোটে কৃষক লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। 

স্বাধীনতার পর অর্থনৈতিক মুক্তি ও খাদ্য উত্পাদন বাড়ানোর লক্ষ্যে চাষাবাদে কৃষককে সহযোগিতা দেওয়া এবং কৃষির সমৃদ্ধির জন্য ১৯৭২ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। বর্তমানে কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোতাহার হোসেন মোল্লা ও শামসুল হক। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের দায়িত্বও তারা পালন করছেন। সম্মেলনে পরিবর্তন হচ্ছে সংগঠনটির গঠনতন্ত্র। কৃষক লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা ১১১। এটা সংশোধন করে গঠনতন্ত্রের খসড়ায় ১৫১ করার প্রস্তাব করা হয়েছে। সহসভাপতি ১৬ জন থেকে বাড়িয়ে ২১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন থেকে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক ৭ জন থেকে বাড়িয়ে ৯ জন করার প্রস্তাব করা রয়েছে। এছাড়া নতুন যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, ক্রীড়া ও যুববিষয়ক সম্পাদক, কৃষি শিক্ষাবিষয়ক সম্পাদক, কৃষি উপকরণবিষয়ক সম্পাদক, কৃষিপণ্য পরিবহনবিষয়ক সম্পাদক পদ। আগের গঠনতন্ত্র অনুযায়ী ১০টি বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সঙ্গে একটি করে সহসম্পাদকের পদ ছিল। এবার আরেকটি করে সহসম্পাদক পদ রাখার প্রস্তাব করা হচ্ছে। জেলা-উপজেলা কমিটির আকারও বৃদ্ধির প্রস্তাব দেবে গঠনতন্ত্র উপকমিটি।