সরকার গণতন্ত্রকে ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে : ফখরুল

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৬:৫৭

ইত্তেফাক রিপোর্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণতন্ত্রকে ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। তারা অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। একটিমাত্র উদ্দেশ্য-এই সরকার দেশকে একটা করদরাজ্যে পরিণত করতে চায়।

গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ আয়োজিত ‘তরিকুল ইসলাম : জীবন ও সংগ্রাম’ শীর্ষক স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন তরিকুল ইসলাম স্মৃতি সংসদের সদস্য সচিব, যশোর জেলা বিএনপির আহ্বায়ক ও তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপিকা নার্গিস বেগম। সভা পরিচালনা করেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

ফখরুল বলেন, সরকার ২৬ লাখ বিএনপির নেতাকর্মীকে আসামি করেছে। ৫০০ অধিক মানুষকে গুম করেছে। হাজারের বেশি মানুষকে তারা পঙ্গু করে দিয়েছে। সবশেষে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছে।